
২০২৬ সালে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন দুই বিপরীত চিত্রের গল্প লিখেছে । ছবি : সংগৃহীত
২০২৬ সালে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন দুই বিপরীত চিত্রের গল্প লিখেছে । ছবি : সংগৃহীতএকই বছরে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা, অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় আবার জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হার। ২০২৬ সালে বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন দুই বিপরীত চিত্রের গল্প লিখেছে। সামর্থ্যরে প্রমাণ মিলেছে একাধিকবার, কিন্তু সেই সামর্থ্য ধরে রাখার ধারাবাহিকতা দেখা যায়নি। ব্যক্তিগত নৈপুণ্যে কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি হলেও দলীয় পরিকল্পনা, পারফরম্যান্স ও ব্যবস্থাপনার দুর্বলতা শেষ পর্যন্ত বড় হয়ে দেখা দিয়েছে। ব্যস্ত এই টেস্ট বছরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি যেমন আত্মবিশ্বাস, তেমনি সবচেয়ে বড় শিক্ষা সাফল্যকে নিয়মিত পারফরম্যান্সে রূপ দিতে না পারার ব্যর্থতা।
২০২৬ সালে বাংলাদেশের সূচিতে ছিল ১০টি টেস্ট। এর মধ্যে আটটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে বছর শুরু করে বাংলাদেশ। লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাহিদ রানার কার্যকরী বোলিংয়ে ২০২৪ সালের রাওয়ালপিন্ডি সাফল্যের পুনরাবৃত্তি ঘটে।
কিন্তু জুনে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৮৫ রানের হার সেই আত্মবিশ্বাসে ধাক্কা দেয়। আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হাসান মাহমুদের পাঁচ উইকেট, তানজিদ হাসানের সেঞ্চুরি এবং মিরাজের পাঁচ উইকেটে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে আসে ঐতিহাসিক জয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের হার বেড়ে ৬৬.৬৭ শতাংশ হওয়ায় ফাইনালের স্বপ্নও দেখতে শুরু করে দল।
তবে সেই স্বপ্নের স্থায়িত্ব ছিল না। ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ও ৫১ রানে হারে বাংলাদেশ। দুদিনের মধ্যেই শেষ হয় ম্যাচ। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দীর্ঘ সময় আধিপত্য রেখেও জয় তুলে নিতে পারেনি দল। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের কাছে মিরপুর টেস্টে ৮ উইকেটে হার আরও হতাশা বাড়ায়। সিলেটে দ্বিতীয় টেস্টে তাওহীদ হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে হার এড়ালেও দলের দুর্বলতা আড়াল হয়নি। টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি তাই দলীয় সাফল্যের চেয়ে ব্যক্তিগত অর্জন হিসেবেই থেকে যায়।
বছরের শেষ ভাগে দক্ষিণ আফ্রিকা সফর বাংলাদেশের সীমাবদ্ধতাগুলো আরও স্পষ্ট করে। জোহানেসবার্গে প্রথম ইনিংসে হৃদয় ও লিটনের সেঞ্চুরিতে ৪০০ রান করেও ম্যাচ জিততে পারেনি দল। পরের তিন ইনিংসে সংগ্রহ ১৬৮, ৯১ ও ১৮৪। প্রতিকূল কন্ডিশনে মানসম্মত পেস বোলিং সামলানোর দুর্বলতা আবারও সামনে আসে। দুই টেস্টে ২-০ ব্যবধানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনাও শেষ হয়। পয়েন্টের হার নেমে আসে ৩৬.৬৭ শতাংশে, অবস্থান চতুর্থ থেকে ষষ্ঠ। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমেছে বাংলাদেশ, রেটিং পয়েন্ট ৭২।
ব্যর্থতার কারণ শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়। নাহিদ রানার চোট ও পুনর্বাসন ব্যবস্থাপনা, হাসান মাহমুদের ওয়ার্কলোড, ঠাসা সূচি, অভিজ্ঞদের ওপর অতিনির্ভরতা এবং দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে কোচিং প্যানেলে পরিবর্তনও ব্যবস্থাপনার অস্থিরতা সামনে এনেছে।
২০২৭ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে নতুন বছর শুরু করবে বাংলাদেশ। একই সঙ্গে শেষ হবে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দলের যাত্রা। ২০২৬ দেখিয়েছে বড় দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে। কিন্তু সেই সামর্থ্য ধরে রাখতে হলে পরিকল্পনা, প্রস্তুতি, খেলোয়াড় ব্যবস্থাপনা ও দলীয় পারফরম্যান্সে ধারাবাহিকতা আনতে হবে। ব্যক্তিগত সেঞ্চুরি কিংবা বিচ্ছিন্ন জয় দিয়ে টেস্ট ক্রিকেটে দীর্ঘমেয়াদি অগ্রগতি নিশ্চিত হবে না।
সময়ের আলো/এসকে