আবাহনীকে প্রথমবার হারাল পুলিশ, মোহামেডানকে চমকে জিতল রহমতগঞ্জ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশের ফুটবলে একসময়কার দুই পরাশক্তি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বাংলাদেশ ফুটবল লিগে হতাশার এক দিন পার করল।

2026-11-27T23:36:21+00:00
2026-11-27T23:36:21+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
খেলা
দুই ঐতিহ্যবাহী ক্লাবের হার
আবাহনীকে প্রথমবার হারাল পুলিশ, মোহামেডানকে চমকে জিতল রহমতগঞ্জ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম 
দুই ঐতিহ্যবাহী ক্লাবের হার । ছবি : সংগৃহীত
দুই ঐতিহ্যবাহী ক্লাবের হার । ছবি : সংগৃহীত
দেশের ফুটবলে একসময়কার দুই পরাশক্তি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল বাংলাদেশ ফুটবল লিগে হতাশার এক দিন পার করল। একই দিনে হারের স্বাদ পেয়েছে দুই ঐতিহ্যবাহী ক্লাব। আবাহনীকে ৩-২ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে চলতি মৌসুমে অপরাজিত মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দুই ম্যাচের ফলেই লিগের শীর্ষস্থান ও পয়েন্ট তালিকায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। একদিকে পুলিশের শীর্ষস্থান আরও শক্ত হয়েছে, অন্যদিকে পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়ে চাপ বেড়েছে মোহামেডানের।

গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাহিদের বাড়ানো নিচু ক্রস থেকে নিখুঁত প্লেসিংয়ে পুলিশকে এগিয়ে দেন রাসুল বা। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্টিফেন জুনিয়র। রাসুলকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার সানডে।

দুই গোলে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি আবাহনী। ৮৫ মিনিটে মাইকেল বাবাতুন্দের সহায়তায় গোল করে ব্যবধান কমান বদলি ইমতিয়াজ রায়হান। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রাসুলের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর চিপ শটে পুলিশের তৃতীয় গোলটি করেন শফিক কাগিমু। পেনাল্টি থেকে বাবাতুন্দে আরেকটি গোল করলেও আবাহনীর হার এড়ানো সম্ভব হয়নি। শেষ দিকে দুদলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ করলেও হাসি হেসেছে পুলিশই।

এই জয়ে আবাহনীর বিপক্ষে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে পুলিশের। পেশাদার লিগের যুগে তো বটেই, অন্য কোনো প্রতিযোগিতাতেও আগে আবাহনীকে হারাতে পারেনি তারা। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পুলিশ। অন্যদিকে পাঁচ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে আবাহনী। দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডানের জয়ের ধারায় ছেদ টানে রহমতগঞ্জ। ম্যাচের ষষ্ঠ মিনিটেই শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। মোজাফফরভের লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধে সেই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় মোহামেডান।

কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রহমতগঞ্জ। বিরতির পরপরই প্রিন্স ওউসুর পাস থেকে ইব্রাহিমা সেনের শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে দলটি। ৬১ মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান গড়ে দেন প্রিন্স। ইব্রাহিমা সেনের ব্যাকহেড থেকে বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি মোহামেডান। পিছিয়ে পড়ার পর আক্রমণে গতি বাড়ালেও রহমতগঞ্জের রক্ষণ ভাঙতে পারেনি সাদা-কালোরা।

এই জয়ে ছয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে রহমতগঞ্জ। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানকে এবার মৌসুমের প্রথম পরাজয়ের ধাক্কা সামলাতে হবে। অন্যদিকে একই দিনে দুই ঐতিহ্যবাহী ক্লাবের হার লিগের লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে। গতকালের ফলাফল আবারও দেখিয়ে দিল, এবারের লিগে কেবল নাম কিংবা অতীত ঐতিহ্য দিয়ে সাফল্য নিশ্চিত করা যাবে না; মাঠের পারফরম্যান্সই শেষ কথা।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   দুই  ঐতিহ্যবাহী ক্লাব  হার  আবাহনী  প্রথমবার  হারাল  পুলিশ  মোহামেডান  চমকে  জিতল  রহমতগঞ্জ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: