শেষ মুহূর্তের গোলে সিটির জয়, ব্রাদার্সেরও স্বস্তি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একবার এগিয়ে যায় পিডব্লিওডি, আবার সমতায় ফেরে সিটি ক্লাব। দ্বিতীয়বার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিডব্লিওডি। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণ আর

2026-11-28T23:51:56+00:00
2026-11-28T23:51:56+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
খেলা
শেষ মুহূর্তের গোলে সিটির জয়, ব্রাদার্সেরও স্বস্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
একবার এগিয়ে যায় পিডব্লিওডি, আবার সমতায় ফেরে সিটি ক্লাব। দ্বিতীয়বার পিছিয়ে পড়েও হাল ছাড়েনি পিডব্লিওডি। দুই দলের পাল্টাপাল্টি আক্রমণ আর গোলের লড়াইয়ে যখন ড্রয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, তখন যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তানভীর হোসেনের গোলে জয় নিশ্চিত করে সিটি ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগে-বিএফএল শনিবার পিডব্লিওডিকে ৩-২ গোলে হারিয়েছে তারা। দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি এফসিকে ৩-১ গোলে হারিয়ে টানা লিগে দ্বিতীয় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে সিটি ক্লাব-পিডব্লিওডি ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় পিডব্লিওডি। তৃতীয় মিনিটে কর্নার থেকে পাওয়া বলে বুক দিয়ে নামিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান জার্মান ডিফেন্ডার ফ্লয়েড বালোকি। পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি ক্লাব। ১০ মিনিটে খাইরুল ইসলামের ক্রস থেকে গোল করে সমতা ফেরান সাঈদ হাসান নিঝুম। ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন সলোমন কিং। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় পিডব্লিওডি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এমবিদা ইয়োহান। এরপর দুদলই জয়সূচক গোলের জন্য চেষ্টা চালায়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে গোলরক্ষকের ফিরিয়ে দেওয়া বলে পা লাগিয়ে জয়সূচক গোল করেন তানভীর হোসেন। তাতে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি ক্লাব।

এই জয়ে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সিটি ক্লাব। মোহামেডানকে পেছনে ফেলেছে তারা। অন্যদিকে ছয় ম্যাচে তিনটি ড্র করা পিডব্লিওডি এখনও জয়ের দেখা পায়নি। ৩ পয়েন্ট নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে দলটি।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাদার্স ইউনিয়ন। ৪২ মিনিটে জাফর ইকবালের গোলে এগিয়ে যায় চট্টগ্রামের দলটি। বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে দেন ব্রাদার্সের সাঈদ আলি রেজা। ৫১ মিনিটে সমতা ফেরানোর পর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নাবিল খন্দকারের গোল ব্যবধান ৩-১ করে।

মৌসুমের প্রথম চার ম্যাচে জয়ের দেখা পায়নি ব্রাদার্স। তবে পঞ্চম ম্যাচে আবাহনীকে হারিয়ে জয়ের খাতা খোলার পর এবার চট্টগ্রাম সিটি এফসিকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল গোপীবাগের দলটি। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে তারা। পেছনে ফেলেছে আবাহনী ও ফর্টিস এফসিকে।

এ জয়ে ছয় দুই জয় আর দুই ড্র নিয়ে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে ওঠে এসেছে ব্রাদার্স। আর মৌসুমে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে কোনো পয়েন্ট আর্জন করতে পারেনি চট্টগ্রাম সিটি। দুই ম্যাচের রেজাল্টে পয়েন্ট টেবিলের হিসাবেও এসেছে পরিবর্তন। একদিকে শেষ মুহূর্তের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শীর্ষ তিনে জায়গা আরও মজবুত করেছে সিটি ক্লাব, অন্যদিকে ধারাবাহিক জয়ে নিজেদের অবস্থান শক্ত করছে ব্রাদার্স। লিগের পরবর্তী ম্যাচগুলোতে এই দুদলের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   শেষ মুহূর্ত  গোলে  সিটির জয়  ব্রাদার্সেরও স্বস্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: