প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতএকজন ফুটবলার একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন, কিন্তু সবসময় দলকে ট্রফির বন্দরে পৌঁছে দিতে পারেন না। লিওনেল মেসির ২০২৬ মৌসুম যেন সেই বাস্তবতারই প্রতিচ্ছবি। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও ইন্টার মিয়ামিকে শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে নিতে পারলেন না আর্জেন্টাইন মহাতারকা। প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়নদের।
এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল মিয়ামি। কিন্তু তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও কলম্বাস ক্রুর বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। গতকাল বাংলাদেশ সময় ভোরে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তিয়াগো রদ্রিগেজের দুর্দান্ত ভলিতে জয় নিশ্চিত হয় কলম্বাসের। তাতেই দুই ম্যাচে সিরিজ শেষ হয়ে যায় মিয়ামির।
ম্যাচে নিজের চেনা ছন্দে ছিলেন না মেসিও। পুরো ম্যাচে মাত্র দুটি শট নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা, যার কোনোটিই লক্ষ্যে ছিল না। শুরুতে বক্সের ভেতর সতীর্থের বাড়ানো বল পেয়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জার্মান বেরতেরামেকে দারুণ পাসে সুযোগ তৈরি করে দেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মিয়ামির এই ফরোয়ার্ড। শেষদিকে বেরতেরামের হেডও চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
অন্যদিকে দল বিদায় নিলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত ছিলেন মেসি। ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনার হয়ে ২০২৬ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৪১ গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২১টি। এমএলএসে ২৬ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। জায়গা পেয়েছেন ফিফপ্রো বিশ্ব একাদশেও। তবে কলম্বাসের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। গত মৌসুমে এফসি সিনসিনাটির বিপক্ষে প্লে-অফ ম্যাচে চারটি গোলে অবদান রাখা মেসি এবার গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে টানতে ব্যর্থ হয়েছেন।
দলীয় সাফল্যের হিসাবটা অবশ্য ছিল হতাশার। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলো থেকে বিদায়, লিগস কাপে গ্রুপ পর্ব পার হতে না পারা এবং সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হয়েছে মিয়ামির। মৌসুমে একমাত্র ট্রফি ক্যাম্পেওনেস কাপ। বড় বাজেটের দল গড়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা। বিশেষ করে মৌসুমের শেষ দিকে প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিপক্ষে জয় পেতে সংগ্রাম করতে হয়েছে মিয়ামিকে। ফলে প্লে-অফে তাদের এমন বিদায় খুব একটা অপ্রত্যাশিত ছিল না।
২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার প্লে-অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন মেসি। ২০২৪ সালেও আটলান্টা ইউনাইটেডের কাছে একই পরিণতি হয়েছিল দলটির। অন্যদিকে এই জয়ে প্লে-অফে ৩১তম জয় তুলে নিয়েছে কলম্বাস। এমএলএসের ইতিহাসে তাদের চেয়ে বেশি প্লে-অফ জয় রয়েছে শুধু এলএ গ্যালাক্সির।
এখন মিয়ামির সামনে ২০২৭ মৌসুমের প্রস্তুতি। এমএলএসের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও লিগস কাপেও খেলবে তারা। ১৯ ফেব্রুয়ারি এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন এমএলএস অভিযান শুরুর কথা দলটির। তার আগে খেলোয়াড়দের চুক্তি ও দল পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ক্লাব কর্তৃপক্ষকে। মেসিকে ঘিরে নতুন করে শিরোপার স্বপ্ন দেখলেও এবার সেই স্বপ্ন বাস্তবায়নে দলীয় সামর্থ্য বাড়ানোই হবে মায়ামির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সময়ের আলো/প্রিন্ট/টিকে