কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে শোভন পলাতক রয়েছে।
নিহত নারীর স্বামী অবসরপ্রাপ্ত সর্দার মিয়া। তাদের দ্বিতীয় ছেলে শোভন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ছেলেকে সুস্থ করে তুলতে তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তবে কিছুদিন আগে তিনি ওই কেন্দ্র থেকে চলে আসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের একটি দল তাকে নিতে বাড়িতে আসে। এ সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সুমন ধারালো ছুরি দিয়ে তার মা ও বাবাকে আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাবা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ কাজ করছে।
সময়ের আলো/জোই