প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে ছয় দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে সড়কটির দুই প্রান্ত থেকেই স্বাভাবিকভাবে বাস চলাচল করছে।
বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, বিপুল অঙ্কের চাঁদা পরিশোধের আগে বাস না চালাতে নির্দেশ দেয় একটি সশস্ত্র গোষ্ঠী। হুমকির মুখে ৮ অক্টোবর থেকে বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চালাতে সম্মত হন পরিবহন শ্রমিকেরা।
বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বলেন, নিরাপত্তা বিধানে প্রশাসনের আশ্বাস ও বেড়াতে আসা পর্যটকদের স্বার্থ বিবেচনায় অনেকটা ঝুঁকি নিয়েই আমরা থানচি সড়কে যাত্রীবাহী বাস চালাতে রাজি হয়েছি।
মো. নুরুল আলম জানান, বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোন কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতি ও পরিবহনকর্মীদের বৈঠক হয়। বৈঠকে বান্দরবান-থানচি সড়কের ওয়াই জংশন পয়েন্ট থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে এসকর্টের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
সময়ের আলো/জোই