মাগুরার শালিখায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সংঘবদ্ধ মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিশপুর গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিশপুর গ্রামের সাহেদ ইটভাটার মোড় এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে তিন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে একজনকে আটক করে। ক্ষিপ্ত হয়ে আটক ওই ব্যক্তি হঠাৎ ধারালো ছুরি দিয়ে এসআই রাকিবুলের বাম হাতে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে মাদক কারবারিদের হামলায় পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একজনকে আটক করা হয়েছে এবং বাকি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে জোরদার অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই