‘অপারেশন ক্লিনহার্ট’ এর মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’ এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে

2026-10-14T17:19:19+00:00
2026-10-14T17:19:19+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
‘অপারেশন ক্লিনহার্ট’ এর মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:১৯ পিএম 
চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী । ছবি : সময়ের আলো
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’ এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অপরাধ দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেফতার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ষড়যন্ত্রের নানা গল্প গণমাধ্যমে দেখা যাচ্ছে। সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। ডিজিটাল দুনিয়া ও সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ, প্রতারণা এমনকি স্টক মার্কেট ম্যানিপুলেশনের মতো অপরাধও সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই। এ কারণে সরকার দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চট্টগ্রামে সিআইডির সাইবার অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠায় কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা) সহযোগিতা করেছে। এজন্য তিনি কোরিয়ান সরকার, কোরিয়ান রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধিসহ কোরিয়া থেকে আগত সংশ্লিষ্ট টিমের সদস্যদের ধন্যবাদ জানান।

সরকার প্রথম থেকেই পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা করে আসছিল জানিয়ে মন্ত্রী বলেন, গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। আজ উদ্বোধন করা ডিজিটাল ফরেনসিক ল্যাবটি সিআইডির নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল ফরেনসিক অ্যানালাইসিস ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব ইউনিটের মধ্যে আন্তঃবিভাগীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিজিটাল অ্যানালাইসিসের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে ল্যাবরেটরি ফ্যাসিলিটি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং কোরিয়া সরকারের কাছ থেকেও সহযোগিতা চাওয়া হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকেই কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে। ভিসেরা রিপোর্টসহ বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই ল্যাবরেটরির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সময়ের প্রয়োজনে এসব ল্যাবরেটরির সম্প্রসারণও জরুরি হয়ে পড়েছে। বিচারিক কার্যক্রমে মানুষের ন্যায়বিচার প্রাপ্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ এবং সেগুলোর যথাযথ সার্টিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকারের দায়িত্ব রয়েছে। তবে তিনি এটিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না। সকল বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে অভিযান পরিচালনার সময় পুলিশ মাঝে মধ্যে অপরাধীদের হামলার শিকার হয়, যা নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোনো ব্যক্তি পুলিশকে আসামি গ্রেফতারে বাধা দিলে বা আসামিকে সহায়তা করলে এই বিষয়ে যদি সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় তার বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে পুলিশ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, বাংলাদেশ পুলিশের আইজিপি আলী হোসেন ফকির, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ পুলিশ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   ‘অপারেশন ক্লিনহার্ট’ এর মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: