ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়।
বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন মারা গেছেন, জানাজা আগামীকালবিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন মারা গেছেন, জানাজা আগামীকাল
এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ও বেলা দেড়টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরু হওয়ার পূর্বে তার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা সব সময় এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর কথা বলতেন। তার শেষ ইচ্ছা ছিল এই লাল মসজিদের কাজ শেষ করে দেখে যেতে। তিনি এলাকায় একটি হাসপাতাল নির্মাণের কথা বলতেন।
শেষে বাবার পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করে রবিন বলেন, আমার বাবা যদি কারও সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকেন, সে জন্য আমি আপনাদের কাছে বাবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।
জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
উল্লেখ্য, সাবেক এই সংসদ সদস্য (৮০) গতকাল মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন পুত্র সন্তান রেখে গেছেন।
সময়ের আলো/ইউএমএইচ