সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে : রিজভী

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

পরাজিত ফ্যাসিবাদের দোসররা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির

2026-10-14T18:49:12+00:00
2026-10-14T18:49:12+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরকারকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে : রিজভী
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম 
নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সময়ের আলো
পরাজিত ফ্যাসিবাদের দোসররা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে। স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। এখন সরকারকে অস্থিতিশীল করার নানা চেষ্টা চলছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসনে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে অসহায় মানুষের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আপনারা দেখেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ও বরেণ্য ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে পরাজিত ফ্যাসিবাদের দোসররা অসম্মান করেছে। বিদেশের মানুষ যাঁকে সম্মান করেন, তাঁকে সেখানে অপমান করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, দেশে ও বিদেশে বসে যারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার করা বিপুল অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ এসব ষড়যন্ত্রকারীর কাছে রয়েছে বলে তিনি দাবি করেন।

বিএনপির এই নেতা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ইতোমধ্যে নানা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। অসহায় মানুষের মধ্যে ভাতা কার্ড বিতরণ করা হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানে চলমান যুদ্ধের কারণে জ্বালানিসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহ করছে। খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রুহুল কবির রিজভী একটি ঘরের চাবি হস্তান্তর করেন। এ ছাড়া ১০টি সেলাই মেশিন ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে যোগ দিতে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।


ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াবা ইউছুফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন ও মোস্তফা কবিরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সরকার  অস্থিতিশীল  ষড়যন্ত্র  রুহুল কবির রিজভী  চরভদ্রাসন  ফরিদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: