পাঁচ দশক পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

দশ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন। মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে চলে যান পাকিস্তানে। এরপর কেটে গেছে প্রায় ৫০

2026-10-13T20:45:46+00:00
2026-10-13T20:45:46+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাঁচ দশক পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ পিএম 
ছবি : সংগৃহীত
দশ বছর বয়সে হারিয়ে গিয়েছিলেন। মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে চলে যান পাকিস্তানে। এরপর কেটে গেছে প্রায় ৫০ বছর। সেখানে গড়ে উঠেছে সংসার, জন্ম হয়েছে দুই সন্তানের। কিন্তু স্মৃতি থেকে মুছে যায়নি জন্মভূমি, বাবা-মা ও ভাইদের কথা। অবশেষে দীর্ঘ পাঁচ দশক পর পরিবারের সন্ধান পেয়ে বাংলাদেশের ফরিদপুরের নগরকান্দায় ফিরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি নাগরিক পরী বেগম।

হারিয়ে যাওয়া বোনকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার ভাই ও স্বজনেরা। তাদের পুনর্মিলনে পরিবারজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

পরিবারের তথ্য অনুযায়ী, পরী বেগম ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাত্র ১০ বছর বয়সে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। পরে মানব পাচারকারী চক্রের কবলে পড়ে প্রথমে ভারতে এবং সেখান থেকে পাকিস্তানে চলে যান।

পরী বেগমের ভাষ্য অনুযায়ী, কয়েক দফায় হাতবদল হওয়ার পর পাকিস্তানের এক নিঃসন্তান দম্পতির আশ্রয় পান তিনি। ওই দম্পতি তাকে সন্তানের মতো লালন-পালন করেন। পরবর্তী সময়ে পাকিস্তানের এক নাগরিকের সঙ্গে বিয়ে হয় তার। সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। নতুন পরিবেশে দীর্ঘদিন বসবাস করলেও শৈশবে ফেলে আসা পরিবারকে ভুলতে পারেননি তিনি।

দীর্ঘদিন পর পরী বেগমের জীবনে আশার আলো হয়ে আসেন রাজশাহী থেকে পাকিস্তানে পড়তে যাওয়া দুই বাংলাদেশি যুবক। পরিবারের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে পরী বেগমের নাতির সঙ্গে ওই দুই যুবকের পরিচয় হয়। একপর্যায়ে নাতি তাদের কাছে তার দাদির হারিয়ে যাওয়া জীবনের কথা জানান।

পরে ওই দুই যুবক পরী বেগমের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। কথোপকথনের একপর্যায়ে তারা জানতে পারেন, তার জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের নগরকান্দা। তার বাবার নাম নজর আলী মাতুব্বর। বড় ভাই নওশের আলী মাতুব্বর, মেজ ভাই সাইফুল মাতুব্বর এবং ছোট ভাই সোলেমান মাতুব্বর।

পরী বেগমের কাছ থেকে এসব তথ্য জানার পর বাংলাদেশে ফিরে তার পরিবারের সন্ধান করার আশ্বাস দেন ওই দুই যুবক। দেশে ফিরে তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নগরকান্দায় পরী বেগমের স্বজনদের সন্ধান পান তারা। পরে পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নিলে সামনে আসে পাঁচ দশকের বিচ্ছেদের এক আবেগঘন গল্প।

হারিয়ে যাওয়া বোনের সন্ধান পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন তার ভাইয়েরা। একপর্যায়ে মোবাইল ফোনে কথা হয় ভাই-বোনের। দীর্ঘদিনের বিচ্ছেদের পর সেই কথোপকথন স্বজনদের মধ্যে পুনরায় যোগাযোগের পথ তৈরি করে।

পাকিস্তানে থাকা অবস্থায় পরিবারের সন্ধান পাওয়ার পর বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন পরী বেগম। এদিকে ভাইয়েরা অপেক্ষায় ছিলেন প্রিয় বোনকে একনজর দেখার জন্য। অবশেষে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন তিনি। প্রায় ৫০ বছর পর জন্মভূমিতে ফিরে দেখা হয় ভাইদের সঙ্গে।


দীর্ঘদিন পর বোনকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি স্বজনেরা। ভালোবাসা, আবেগ আর অশ্রুসিক্ত পুনর্মিলনে পরিবারের দীর্ঘদিনের শূন্যতা যেন কিছুটা হলেও পূরণ হয়।

পাকিস্তানে দীর্ঘ পাঁচ দশক বসবাসের কারণে বাংলা ভাষা প্রায় ভুলে গেছেন পরী বেগম। স্বজনদের কাছে ফিরে এলেও তাদের সঙ্গে বাংলায় কথা বলতে পারেন না তিনি। পুরো সময় উর্দু ভাষায় কথা বলেন। তার কথা পুরোপুরি বুঝতে না পারলেও পরিবারের সদস্যদের কাছে ভাষা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি।

পরী বেগমের চোখের জল, আবেগ আর অভিব্যক্তিতে ফুটে ওঠে দীর্ঘদিন পর আপনজনদের ফিরে পাওয়ার আনন্দ। পরিবারের প্রবীণ থেকে নবীন, শিশু থেকে কিশোর—সবাই তার মুখের দিকে তাকিয়ে অনুভব করার চেষ্টা করেন পাঁচ দশকের বিচ্ছেদ পেরিয়ে ফিরে আসা এই নারীর মনের কথা।

পরী বেগমের ফিরে আসার খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ। তার সমবয়সী নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোর—সবার মধ্যেই ছিল কৌতূহল ও আনন্দ। অনেকের কাছে ঘটনাটি ছিল অবিশ্বাস্য; আবার অনেকের চোখে ছিল হারিয়ে যাওয়া একজন মানুষের আপনজনের কাছে ফিরে আসার আবেগঘন দৃশ্য।

পাঁচ দশক আগে হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়ে আজ ষাটোর্ধ্ব নারী। সময়ের সঙ্গে বদলেছে ভাষা ও জীবনযাপন, কিন্তু মুছে যায়নি শিকড়ের টান। দীর্ঘ ৫০ বছর পর ভাইদের কাছে ফিরে পরী বেগমের এই পুনর্মিলন যেন মনে করিয়ে দিল, সময় আর দূরত্ব যত দীর্ঘই হোক, স্বজনদের প্রতি ভালোবাসার বন্ধন সহজে মুছে যায় না।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পাকিস্তান  নগরকান্দা  পরী বেগম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: