প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৫২ পিএম

আগুনে বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ছবি : সময়ের আলো
আগুনে বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। ছবি : সময়ের আলোদিনাজপুরের চিরিরবন্দরে গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় দুর্বৃত্তদের ছোড়া তিনটি পেট্রোলবোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দায় থাকা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। তবে নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) ভোর ৩টা ২৫ মিনিটে চিরিরবন্দর উপজেলার নশরতপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম জানান, ভোরে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে পরপর তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের সামনের দেয়াল ও বারান্দায় আগুন ধরে যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, নিরাপত্তাকর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এ ঘটনায় বারান্দায় রাখা ১২টি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। পেট্রোলবোমার অবশিষ্টাংশ পুলিশ আলামত হিসেবে জব্দ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. আব্দুল হাকিম জানান, ঘটনার সময় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে পশ্চিম দিক থেকে এসে গ্রামীণ টাওয়ারের কাছে মোটরসাইকেল ঘুরিয়ে ব্যাংকের সামনে আসেন। তাদের একজন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি পেট্রোলবোমায় আগুন ধরিয়ে ব্যাংকের ভেতরে নিক্ষেপ করেন। এরপর তারা দ্রুত মোটরসাইকেল নিয়ে পশ্চিম দিকে পালিয়ে যান। দুজনের মাথায় হেলমেট থাকায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি তিনি।
এদিকে ঘটনার খবর পেয়ে সকালে গ্রামীণ ব্যাংকের দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার উত্তম কুমার, চিরিরবন্দর এরিয়া ম্যানেজার মো. জিল্লুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আতাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চিরিরবন্দর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকের নশরতপুর শাখায় পেট্রোলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সময়ের আলো/এনএন