প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম

গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীতনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মীরা এসে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোরে উপজেলার বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে পুলিশ এসে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। তবে তার আগেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় স্থানীয়দের তথ্য নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত পাঁচজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/এনএন