গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির ৪৫টি চুল্লি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্থামারী গ্রামে অভিযান চালিয়ে চারটি স্থানে থাকা এসব চুল্লি ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পান্থামারী গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে সেখানে চুল্লি বানিয়ে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও বিক্রি করে আসছিলেন। এতে এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ জানালে প্রশাসন অভিযানে নামে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামজিদ ইরাম খান। তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা। তাঁরা গ্রামে পৌঁছে একে একে ৪৫টি চুল্লি ধ্বংস করেন।
অভিযানের খবর পেয়ে চুল্লির সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যান। ফলে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি।
সময়ের আলো/এনএন