নওগাঁর মহাদেবপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিছুর রহমান (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় ওসমান গনি নামের একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার খাজুর ইউপির রণাইল নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ওই গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- উপজেলার রনাইল নিচপাড়া গ্রামের আনিছুর রহমান, আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), মৃত ইয়াদ আলীর ছেলে আব্দুল মতিন (৪০), মৃত আব্দুল হামিদের ছেলে আবুল কালাম আজাদ (৫৪), আবুল কালামের ছেলে আব্দুল আলিম (২৫), মৃত আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম (৪০) এবং অপর পক্ষের নজরুল ইসলাম, রফিজ উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৬৫) ও তার দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। আটক ওসমান গনি রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুলের বিরোধ চলে আসছিল। ওই বিরোধকৃত জমি নজরুল তাদেরকে বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে আসছিলেন। স্থানীয় মাতব্বররা সালিশ-দরবারের মাধ্যমে আনিছুর রহমানের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে, তারা সেখানে ধানের চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যায়। এসময় উভয় পক্ষের ৯ জন আহত হয়। তাদের মধ্যে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সময়ের আলো/এনএন