বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে মো. মনিরুজ্জামান মিয়া (৪৫) সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান আওয়ামী লীগের গৌরনদী পৌর শাখার সাবেক সদস্য ছিলেন।
রাত দশটার দিকে তার মরদেহ বাড়িতে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন জামাতা ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান বাদশা।
মনিরুজ্জামান মিয়ার সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানিয়েছেন, মনিরুজ্জামানসহ গৌরনদী ও আগৈলঝাড়ার প্রায় ৩০ জনের একটি দল গত ১২ অক্টোবর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিলেন।
বুধবার ভোরে হাওরের বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন মনিরুজ্জামান। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও জানিয়েছেন, মনিরুজ্জামানের মরদেহ নিয়ে তারা গৌরনদীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। যাত্রাপথে সবকিছু ঠিক থাকলে রাত দশটার মধ্যে তারা গৌরনদীতে পৌঁছতে পারবেন বলেও উল্লেখ করেছেন।
অপরদিকে দলমত নির্বিশেষে গৌরনদীর সকলের প্রিয় মনিরুজ্জামান মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সময়ের আলো/এনএন