লোহাগাড়ায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সুরেশ নামে যুবকের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটকোলামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সুরেশের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ করেন সুরেশ। একপর্যায়ে তাঁর পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সুরেশকে আটক করেন। পরে তাঁকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন