স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিন এহসান স্বাধীনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। পরিবারকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের প্রতিক্রিয়া জানান এই অভিনেতা।
ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। আমার ছেলে কিছুক্ষণ আগেও এ বিষয়ে কথা বলেছে। সে আইনের আশ্রয় নিতে বলেছে। আমাদের নিয়ে লেখালেখি না করলেই নয়?’
পরিবার নিয়ে ভালো আছেন জানিয়ে তিনি বলেন, ‘ভাই, আমরা অনেক সিনিয়র হয়ে গেছি। চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। নিজের কাজ নিয়েও ভালো আছি। আমি চুরি করি না। আমরা এখনো চলচ্চিত্রে অভিনয় করতে চাই। আমার সঙ্গে অনেকের ছবি থাকতে পারে, কিন্তু আমরা নিজেদের জায়গায় ঠিক আছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার বেশি টাকা লাগে না। আমাকে আমার মতো থাকতে দিন। চলে যাওয়ার সময় এসে গেছে। আমাদের নিয়ে মিথ্যা কথা ছড়াবেন না। যেসব পোস্টে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে মামলা করব।’
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অন্য কেউ দেশের বাইরে থাকেন। এখন তো পরিবারের জন্য কিছু করার সময়! আমাদের নিয়ে এসব করে কত টাকা কামাবেন?’
মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার গুঞ্জন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন এহসান স্বাধীন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং মৌসুমী আছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরটি ভিত্তিহীন।
ছেলের পর মুখ খুললেন ওমর সানী
মাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এরই মধ্যে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ফারদিন। নিজের ফেসবুক পোস্টে সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি পরিবারের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন কনটেন্টের স্ক্রিনশটও শেয়ার করেন।
ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে তাঁর পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করেছিলেন ওমর সানী। এবার সাংবাদিকদের সামনে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেতা। পরিবারকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে—এমন বার্তাই দিয়েছেন তিনি।
সময়ের আলো/এসএকে