ইয়েমেনে সরকারি বাহিনী-হুতিদের সংঘর্ষ, ২০০ যোদ্ধা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ২০০-এর বেশি হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন

2026-10-15T07:50:52+00:00
2026-10-15T07:52:34+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইয়েমেনে সরকারি বাহিনী-হুতিদের সংঘর্ষ, ২০০ যোদ্ধা হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৫০ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৭:৫২ এএম
সংঘর্ষে ২০০-এর বেশি হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র সংঘর্ষে ২০০-এর বেশি হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (১৪ অক্টোবর) দিনভর বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষের পাশাপাশি একাধিক বিমান হামলা চালানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, প্রদেশটির রাজধানী তাইজ শহরের পশ্চিমে দুবাব ফ্রন্ট এবং দক্ষিণে আল-আকরুদ ও আল-শাকাব ফ্রন্টে বুধবার সকাল থেকে তীব্র লড়াই শুরু হয়। বিকেলের দিকে সংঘর্ষের তীব্রতা আরও বাড়ে।

বিবৃতিতে আরও জানানো হয়, আল-মিসরাখ জেলার রাস আল-নাজদ এলাকায় হুতিদের ট্যাংক ও সামরিক যানবাহনের একটি বহর লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এ ছাড়া, বুধবার ভোরে তাইজ শহরের পূর্বাঞ্চলে সোফিতেল পাহাড়ের কাছে হুতিদের অবস্থান লক্ষ্য করে দুটি বিমান হামলা চালানো হয়।


সেনাবাহিনীর দাবি, বুধবার রাতে শহরের পশ্চিমে দুবাব ফ্রন্টে একটি ট্যাংক ও একটি সামরিক যান লক্ষ্য করে আরও দুটি বিমান হামলা চালানো হয়েছে। দিনভর সংঘর্ষ ও হামলায় ২০০-এর বেশি হুতি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন। এ সময় একটি সামরিক যান ধ্বংস, দুটি ট্যাংক ক্ষতিগ্রস্ত, একটি ড্রোন ভূপাতিত এবং সশস্ত্র যানবাহনের একটি বহর ধ্বংস করার কথাও জানিয়েছে সরকারি বাহিনী।

তবে, হতাহতের সংখ্যা ও সামরিক ক্ষয়ক্ষতির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ বিষয়ে হুতিদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, চলতি মাসের শুরুতে হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যে ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান শুরু করে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে পরিচালিত এ অভিযানে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন দিচ্ছে।

অভিযান শুরুর পর দেশটির বিভিন্ন রণাঙ্গনে সংঘর্ষ বেড়েছে। বিশেষ করে তাইজে কৌশলগত অবস্থান ও সরবরাহপথের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী এবং হুতিদের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। ২০১৫ সালে সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন জোট দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

সময়ের আলো/মহু

  বিষয়:   ইয়েমেন  হুতি  হামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: