বিশ্ববাজারে ডিজেলের সরবরাহসংকট ২০২৭ সালের বড় একটি সময়জুড়েও স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। দীর্ঘদিন জ্বালানিটির দাম বেশি থাকলে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি মূল্যস্ফীতি ত্বরান্বিত হতে পারে। এতে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানিবাজারের অস্থিরতা মোকাবিলায় জরুরি মজুত থেকে তেল ছাড়ার পরিমাণ ও সময় নির্ধারণ নিয়ে আলোচনার প্রস্তুতির মধ্যেই এ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
শিল্পকারখানা, কৃষি, পণ্য পরিবহন ও ব্যক্তিগত যানবাহনে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ডিজেল। ফলে জ্বালানিটির দাম রেকর্ড উচ্চতায় ওঠায় বিভিন্ন দেশের সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তাদের ওপর ব্যয়ের চাপ বাড়ছে।
এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে ডিজেলের মজুত কমিয়ে বাজারে সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ উদ্যোগ নেওয়া না হলে যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রফতানি নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আইইএর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিজেলের রেকর্ড উচ্চমূল্যের প্রভাব ইতোমধ্যে অর্থনীতির বিভিন্ন খাতে পড়তে শুরু করেছে। জ্বালানির ব্যয় বৃদ্ধির কারণে পণ্য উৎপাদন ও পরিবহন খরচ বাড়ছে। একই সঙ্গে মানুষের প্রকৃত আয় কমছে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করছে। এতে মূল্যস্ফীতির চাপও বাড়ছে।
সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে সরবরাহে বিঘ্ন ঘটায় ডিজেলের বাজারে সংকট আরও গভীর হয়েছে। বছরের এ সময়ে সাধারণত জ্বালানির মজুত বাড়লেও বর্তমানে তা কমছে। ফলে, সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছে আইইএ। সংস্থাটির মতে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যমান মজুতের সুরক্ষাব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে, ২০২৭ সালে সরবরাহে উদ্বৃত্ত তৈরি হওয়ার আগে আগামী কয়েক মাস বিশ্ববাজারে ডিজেল নিয়ে অস্থিরতা আরও বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ডিজেলের উচ্চমূল্যের প্রভাব জ্বালানি খাতের বাইরেও ছড়িয়ে পড়বে। পরিবহন ও কৃষি ব্যয় বাড়লে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। পাশাপাশি শিল্প উৎপাদনের খরচ বৃদ্ধি পেলে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমবে। সব মিলিয়ে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
সময়ের আলো/মহু