চ্যাম্পিয়নস লিগে ইতালির দুর্দশা, আট ম্যাচে জয় মাত্র একটিতে

ক্রীড়া ডেস্ক

খেলা

চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি ইতালির ক্লাবগুলোর। লিগ পর্বের প্রথম দুই রাউন্ড শেষে সিরি আ-এর চার প্রতিনিধি

2026-10-15T08:35:37+00:00
2026-10-15T08:37:13+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
খেলা
চ্যাম্পিয়নস লিগে ইতালির দুর্দশা, আট ম্যাচে জয় মাত্র একটিতে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৮:৩৭ এএম
৮ ম্যাচে ইতালির জয় মাত্র একটিতে। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি ইতালির ক্লাবগুলোর। লিগ পর্বের প্রথম দুই রাউন্ড শেষে সিরি আ-এর চার প্রতিনিধি নাপোলি, ইন্টার, রোমা ও কোমোর পারফরম্যান্সে হতাশার চিত্র স্পষ্ট। ৮ ম্যাচে চার দলের জয় মাত্র একটিতে। এর মধ্যে বুধবার (১৪ অক্টোবর) একই দিনে চার ক্লাবের হার ইতালির ফুটবলের দুরবস্থাকে আরও সামনে এনেছে।

মঙ্গলবার নাপোলি ৩-১ গোলে হেরেছে ভিয়ারিয়ালের কাছে। একই দিনে ক্লাব ব্রুগের কাছে ইন্টারের হার ৪-৩ গোলে। বুধবার রিয়াল মাদ্রিদের কাছে একই ব্যবধানে হেরেছে রোমা। এছাড়া, ফেইনুর্ডের বিপক্ষে ৩-২ গোলে পরাজিত হয়েছে কোমো। চার দলের এই হারকে ইউরোপীয় প্রতিযোগিতায় ইতালির ফুটবলের অন্যতম হতাশাজনক দিন হিসেবে দেখা হচ্ছে।

প্রথম রাউন্ডের ফলও ইতালির ক্লাবগুলোর জন্য স্বস্তিদায়ক ছিল না। প্রথম দুই রাউন্ড মিলিয়ে আট ম্যাচে জয় পেয়েছে কেবল কোমো। চ্যাম্পিয়নস লিগে অভিষেকেই লাইপজিগকে ৪-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল তারা। অন্যদিকে, ফেনারবাচের সঙ্গে ড্র করেছিল রোমা। ইন্টার হেরেছিল রিয়াল মাদ্রিদের কাছে, নাপোলি পরাজিত হয়েছিল আর্সেনালের বিপক্ষে। পরে ফেনারবাচও অ্যাস্টন ভিলার কাছে ৬-০ গোলে হেরেছে।


ইতালির চার দলের পারফরম্যান্সে একটি সমস্যা বারবার চোখে পড়েছে- ম্যাচের শেষ দিকে ছন্দ ধরে রাখতে না পারা। ইতালির ঘরোয়া লিগে খেলার গতি বাড়ানো এবং কার্যকর খেলার সময় ইউরোপীয় মানের কাছাকাছি নেওয়ার উদ্যোগ প্রশংসা পেলেও ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে তার প্রতিফলন এখনো স্পষ্ট নয়। রিয়ালের বিপক্ষে রোমার শেষ মুহূর্তের বিপর্যয়, ক্লাব ব্রুগের কাছে ইন্টারের হার এবং নাপোলির ম্যাচগুলোতে শেষ দিকের দুর্বলতা সেই প্রশ্নই সামনে এনেছে।

পয়েন্ট তালিকাও ইতালির ক্লাবগুলোর জন্য উদ্বেগের কারণ। গত মৌসুমের সেরা তিন দল ইন্টার, নাপোলি ও রোমা এখনো প্লে-অফের অবস্থানে নেই। সিরি আ-এর বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ- দুই দলেরই পয়েন্ট শূন্য। তাদের পেছনে রয়েছে ভাইকিং, সাবাহ বাকু ও এইকে এথেন্সের মতো দলও।

চার ইতালীয় ক্লাবের মধ্যে আপাতত কেবল কোমো প্লে-অফের জায়গায় রয়েছে। তবে, সামনে তাদের বেশ কয়েকটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। ফলে প্রথম দুই রাউন্ডের হতাশা কাটিয়ে ইতালির ক্লাবগুলো কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই বড় প্রশ্ন।

সময়ের আলো/মহু

  বিষয়:   চ্যাম্পিয়নস লিগ  ইতালি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: