রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া বারনই নদী দখল ও দূষণমুক্ত করে পুনরুজ্জীবিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নদী খনন ও পুনরুদ্ধারের পর যাতে আবার দখল বা ভরাট না হয়, তা নিশ্চিত করতে গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স। এ বিষয়ে প্রতি মাসে প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বারনই নদী ভরাট ও দূষণের শিকার। নদীর পানি এতটাই দূষিত যে, তা ব্যবহার করলে কিংবা নদী পারাপারের সময় মানুষের শরীরে ঘা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। মানুষের দুর্ভোগ কমাতে এবং নদীর পানি দূষণমুক্ত করতে খনন ও পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
নদী খননের পর পুনরায় দখল ও ভরাট ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, অতীতে অনেক নদী ও খাল খননের পর আবারও দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। বারনই নদীর ক্ষেত্রে যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্সের সদস্যরা প্রতি ১৫ দিন পরপর প্রকল্প এলাকা পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। পাশাপাশি নদী ও খালের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতি মাসে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন পাঠানো হবে।
প্রকল্পের কাজ তদারকি ও বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুজন, স্থানীয় জনপ্রতিনিধিদের দুজন এবং জেলা প্রশাসনের দুজন প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়মিত প্রকল্পের কাজ ও নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।
বারনই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, খননের পর যাতে রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্যসহ অন্য কোনো ময়লা ফেলে নদীটি আবার ভরাট করা না হয়, সে বিষয়ে সিটি করপোরেশনের মেয়র ও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা নিয়ে কাজ করা হচ্ছে। সম্মিলিত প্রচেষ্টায় নদীটি তার হারানো রূপ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দূষণ রোধ ও অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সময়ের আলো/এসএকে