বলিউড অভিনেতা আমির খানের ভাগিনা অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে অভিবাসন ও বিদেশি নাগরিক-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। খবর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের’।
যুক্তরাষ্ট্রের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী ইমরান খান গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নেন। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ওই কর্মসূচি থেকে আটক ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন।
মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, তার বিরুদ্ধে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’ (এলআইএন) জারি করা হয়েছে। নোটিশ অনুযায়ী, ২৮ অক্টোবরের মধ্যে তাকে ভারত ছাড়তে হবে।
ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপের পেছনে রয়েছে বিজেপি নেতা কিরিট সোমাইয়ার করা একটি অভিযোগ। গত ১২ অক্টোবর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এতে বিক্ষোভে ইমরানের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে তার নাগরিকত্ব-সংক্রান্ত নথিপত্র যাচাইয়ের দাবি জানান।
সোমাইয়া দাবি করেন, ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। বিক্ষোভে তার উপস্থিতির উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সোমাইয়ার অভিযোগ, ওই কর্মসূচিতে অংশ নেওয়ার মাধ্যমে ইমরান ‘এসআইআর’ মুসলিমবিরোধী—এমন বয়ান প্রচারের চেষ্টা করেছিলেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি আরও জানান, ইমরান খানকে তলব করে তার নাগরিকত্ব-সংক্রান্ত নথিপত্র চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশ তাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে দাবি করেন সোমাইয়া।
৪৩ বছর বয়সী ইমরান খান বলিউড অভিনেতা আমির খানের ভাগিনা।
সময়ের আলো/এসএকে