সংসদ ভবনে সৌর প্যানেল বসানোর সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ ভবন এলাকায় সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটি। এ জন্য উপযুক্ত স্থান চিহ্নিত

2026-10-15T20:41:44+00:00
2026-10-15T20:41:44+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদ ভবনে সৌর প্যানেল বসানোর সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪১ পিএম 
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশ করেছে এ-সংক্রান্ত মতামত প্রদান কমিটি। এ জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করে মানচিত্র তৈরি এবং প্রস্তাবিত স্থানে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনার ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন প্রস্তুত করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।

সভায় কমিটির সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) প্রতিনিধি, গণপূর্ত অধিদপ্তর ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় জাতীয় সংসদ ভবন ও সংসদ এলাকায় মোট বিদ্যুতের চাহিদা নিরূপণ, বিদ্যুতের ব্যবহার কমানো, সিস্টেম লস হ্রাস এবং সৌর প্যানেল স্থাপনের উপযোগী ফাঁকা জায়গা চিহ্নিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ ক্ষেত্রে জাতীয় সংসদ ভবনের মূল স্থাপত্যশৈলী ও স্থপতি লুই আই কানের নকশার কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সৌর প্যানেল স্থাপনের কারিগরি ও সার্বিক সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ-সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই ও প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়েছে। উপকমিটির সদস্যরা হলেন মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ ও মারদিয়া মমতাজ।


উপকমিটির কার্যক্রমে সংসদ সচিবালয়ের যুগ্মসচিব (এএস), ডিপিডিসির প্রতিনিধি, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলীরা সম্পৃক্ত থাকবেন।

এ ছাড়া অধিবেশনকাল ছাড়া অন্য সময়ে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা বন্ধ রাখলে কী ধরনের ক্ষতি হতে পারে, সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন উপকমিটির কাছে উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ শেষ করে সংসদ সদস্যদের হোস্টেলের ছাদে সৌর প্যানেল স্থাপনের যে কার্যক্রম চলমান রয়েছে, সে বিষয়ে এ কমিটি কোনো দায়ভার গ্রহণ করবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সংসদ ভবন  সৌর প্যানেল  যাচাই  সুপারিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: