সরকারি অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে গৃহীত প্রকল্পগুলোর কাজে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট ইন দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস সেক্টর প্রজেক্ট’-এর ৬ষ্ঠ প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সভায় পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সংকট হলো সুপেয় পানির অভাব। পাহাড়ি এলাকার সাধারণ মানুষের জন্য সুপেয় পানি সরবরাহে কার্যকর প্রকল্প গ্রহণ এবং সেগুলোর দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ৩০ জুন কিংবা ৩১ ডিসেম্বর— এ ধরনের নির্দিষ্ট সময়সীমাকে টার্গেট করে নয়, কাজের সঠিক মান বা ‘কোয়ালিটি এনসিওর’ করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
পার্বত্য মন্ত্রণালয় ভৌগোলিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। প্রশাসনে গতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে সব কর্মকর্তাকে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক বাংলাদেশ গঠনে সৎ ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা এই উন্নয়ন যাত্রাকে আরও বেগবান করবে।
পিএসসি সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, যুগ্মসচিব অতুল সরকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্মসচিব খাদিজা পারভীন, অর্থ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ আবুল কাসেম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মৎ জোহরা খাতুন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জসিম উদ্দীন এবং প্রকল্প পরিচালক পবন কুমার চাকমাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সময়ের আলো/জোই