নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদী থেকে রাতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি কাটিং ড্রেজার, দুটি বোট, প্রায় এক হাজার ফুট পাইপ ও আনুমানিক সাড়ে ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির আওতাধীন আনন্দবাজার এলাকার ছনপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, ড্রেজারের গিজার আব্দুল খালেক (২৪), লিভারম্যান আমিরুল ইসলাম (৫২) ও মো. জাহিদুল ইসলাম (২১)। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার-ছনপাড়া এলাকায় প্রায় এক সপ্তাহ ধরে গভীর রাতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। উত্তোলন করা বালু পাশের ট্রেড এগ্রো নামে একটি প্রকল্পে ফেলা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আবু মুকিত শুভ, শাহ আলম, চঞ্চল, সোহাঙ্গীর ও এনামসহ আরও কয়েকজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় বিএনপির নেতা হিসেবে পরিচিত মাজহারুল ইসলাম, তাঁর চাচা সাবেক ইউপি সদস্য রূপচান এবং তাঁদের সহযোগীরা জড়িত। তাঁদের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে রাতের আঁধারে ১০ থেকে ১৫টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
বিআইডব্লিউটিএর বিজ্ঞপ্তিতে মা ইলিশের সংরক্ষণ ও প্রজনন নিশ্চিত করতে নদীতে ড্রেজিং বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে বালু উত্তোলন চলছিল বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামালের নেতৃত্বে পুলিশের একটি দল আনন্দবাজার-ছনপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত এম-০১-২৬২২ নম্বরের একটি কাটিং ড্রেজার, একটি অ্যাঙ্কর বোট, একটি হাউজ বোট, প্রায় এক হাজার ফুট পাইপ ও বালু জব্দ করা হয়।
অভিযোগের বিষয়ে মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতারে করা হয়েছে। এ সময় ড্রেজার, পাইপ, বোট ও বালু জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন