ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না, বরং সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নস্থ উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘নাঙ্গলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসা’র গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, দ্বীনি শিক্ষার প্রসার, নৈতিক চরিত্র গঠন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষকদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর। তাদের দায়িত্ব শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, সততা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করাও তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা এবং বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
মাদরাসার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) মো. তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম আমিন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় মাদরাসার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সময়ের আলো/জোই