আলোচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘চিরকুট’ পূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে আজ। মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বই দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। এতে উঠে এসেছে সে সময়ের ক্যাম্পাসের পরিবেশ, বন্ধুত্ব, প্রেম, চিঠির আদান-প্রদান এবং তারুণ্যের নানা আবেগঘন মুহূর্ত।
সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে নওশাবা বলেন, ‘এই সিনেমার ঘটনাপ্রবাহের সঙ্গে জড়িয়ে আছে রাজশাহী শহর। সেখানকার মানুষ, খাবারদাবার— সবকিছুর প্রতি আলাদা ভালোলাগা থেকেই কাজটি করা। তা ছাড়া কাজটি খুব গুছিয়ে করেছেন নির্মাতা। তার এই প্রথম সিনেমাকে সমর্থন জানানোও ছিল আমার অভিনয়ে যুক্ত হওয়ার অন্যতম উদ্দেশ্য। তবে শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, গল্পের ধরনও আমাকে আগ্রহী করেছে। পরিবার নিয়ে উপভোগ করার মতো একটি গল্প।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, সুমন পাটোয়ারী ও আবদুল্লাহ আল সেন্টুসহ অনেকে। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০-৩০০ শিক্ষার্থীও এতে অভিনয় করেছেন।
এদিকে শুধু অভিনয়ে থেমে নেই নওশাবার ব্যস্ততা। সম্প্রতি ‘ঝামেলা’ নামে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সোমেশ্বরী’ রয়েছে সম্পাদনার টেবিলে। সুনামগঞ্জের মধ্যনগর ও আশপাশের এলাকায় এর শুটিং হয়েছে। স্থানীয় মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। পরিবেশ দূষণ, নদীকেন্দ্রিক জনপদের জীবন ও মানুষের বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।
এর বাইরে তথ্যচিত্র ‘আগুনী’ নিয়েও কাজ করেছেন এই অভিনেত্রী। মঞ্চের জন্য নিজের সংগঠন ‘টুগেদার উই ক্যান’-এর উদ্যোগে তৈরি করছেন ‘ধরনীর গান’।
সময়ের আলো/প্রিন্ট/এমকে