এবার বড়পর্দায় আসছে ক্যাপকমের জনপ্রিয় লড়াইয়ের গেম ‘স্ট্রিট ফাইটার’। আজ ১৬ অক্টোবর আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অ্যাকশন ও মার্শাল আর্টভিত্তিক সিনেমাটি। ১৯৯৪ সালে জ্যঁ-ক্লদ ভ্যান ড্যাম অভিনীত স্ট্রিট ফাইটার সিনেমার পর নতুন রূপে ফিরছে এই গেমভিত্তিক চলচ্চিত্র।
নতুন সংস্করণে অভিনয় করেছেন নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া। সবুজ চামড়ার জনপ্রিয় চরিত্র ব্ল্যাঙ্কার ভূমিকায় দেখা যাবে মোমোয়াকে। এটি পরিচালনা করেছেন ‘ব্যাড ট্রিপ’ ও ‘দ্য এরিক আন্দ্রে শো’-এর নির্মাতা কিতাও সাকুরাই।
স্ট্রিট ফাইটার মূলত জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে নির্মিত অ্যাকশন সিনেমা। কারাতে, কুংফু, বিভিন্ন ধরনের লড়াইয়ের কৌশল, শক্তিশালী যোদ্ধাদের দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র— সব মিলিয়ে তৈরি হয়েছে এর রোমাঞ্চকর জগৎ। সিনেমার কাহিনি শুরু হয় ১৯৯৩ সালের প্রেক্ষাপটে।
একসময়ের ঘনিষ্ঠ দুই মার্শাল আর্ট যোদ্ধা রিউ ও কেন মাস্টার্স তখন পরস্পরের থেকে দূরে। এমন সময় রহস্যময়ী চুন-লি তাদের আবার লড়াইয়ের জগতে ফিরিয়ে আনে। অংশ নিতে হয় ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র টুর্নামেন্ট’ নামের এক ভয়ংকর আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
তারকাদের উপস্থিতিও সিনেমাটিকে ঘিরে আগ্রহ বাড়িয়েছে। জেসন মোমোয়া ও নোয়া সেন্টিনিওর পাশাপাশি রয়েছেন রোমান রেইন্স। এ ছাড়া ভারতীয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়ালকে দেখা যাবে ধালসিমের চরিত্রে। ফলে হলিউডের পর্দায় বিদ্যুৎ জামওয়ালের অ্যাকশন দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।
সব মিলিয়ে পরিচিত চরিত্র, মার্শাল আর্টের উত্তেজনা, তারকাদের উপস্থিতি ও ভিডিও গেমের নস্টালজিয়া— সবকিছু মিলিয়ে স্ট্রিট ফাইটার নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
আজ বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি কেমন সাড়া ফেলে এখন সেটিই দেখার অপেক্ষা।
সময়ের আলো/প্রিন্ট/এমকে