বাংলাদেশ শিল্পকলা একাডেমি ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে। লালন সাঁইয়ের গান, দর্শন ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে ১৭ থেকে ১৯ অক্টোবর কুষ্টিয়ায় তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে।
এ ছাড়া আগামীকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে বিশেষ আয়োজন। লালনের গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে নিজের সত্তা উপলব্ধি করতে শেখায়, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনেই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকাল একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আয়োজন করা হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
মুখ্য আলোচক থাকবেন শিল্পী ও গবেষক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী। সভাপতিত্ব করবেন যুগ্ম সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশীদ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রথিতযশা লালনশিল্পীরা। আরও থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীদের পরিবেশনা।
ঢাকা ও কুষ্টিয়ার পাশাপাশি ১৭ অক্টোবর সারা দেশের অন্যান্য বিভাগ ও জেলাগুলোতেও বড় পরিসরে লালন সাঁইয়ের জীবন ও দর্শনভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে। আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে