যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি, শিশুসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সি এক কিশোরের গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। পরে

2026-10-16T08:54:38+00:00
2026-10-16T08:54:38+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি, শিশুসহ নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ এএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ বছর বয়সি এক কিশোরের গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। পরে এক প্রত্যক্ষদর্শীর গুলিতে হামলাকারীও নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, তালাবদ্ধ দরজায় গুলি করে সেগুলো ভেঙে বিদ্যালয়ে প্রবেশ করে ওই কিশোর।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, হামলা শুরু হওয়ার পর এক ব্যক্তি হামলাকারীকে ধাওয়া করে বিদ্যালয়ের ভেতরে যান এবং তাকে গুলি করেন। এতে হামলাকারী নিহত হয়। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে বিদ্যালয়ে বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে যান। এর আগে এক ব্যক্তি ফোন করে জানান, অজ্ঞাত এক বন্দুকধারী লম্বা আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁর গাড়িতে গুলি চালাচ্ছে। পরে বিদ্যালয়ে হামলাকারীর প্রবেশের খবর জানিয়ে জরুরি নম্বর ৯১১-এ একাধিক ফোন আসে।

ঘটনার পর পুলিশ বিদ্যালয়ে তল্লাশি চালায়। হামলাকারী ওই এলাকার ১৬ বছর বয়সী কিশোর বলে নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তার পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। হামলাকারীর সঙ্গে বিদ্যালয়টির কোনো সম্পর্ক ছিল কি না, তা-ও স্পষ্ট নয়।


স্থানীয় স্কুল ডিস্ট্রিক্টের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা স্টিভেন কুক এক বিবৃতিতে বলেন, ‘এই অর্থহীন মর্মান্তিক ঘটনায় আমরা স্তব্ধ ও শোকাহত। আমাদের সম্প্রদায় যে শোকের মধ্য দিয়ে যাচ্ছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’

ঘটনার পর শুক্রবার বেন্ড শহরের সব বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শোক কাটিয়ে ওঠার জন্য স্থানীয় সম্প্রদায়ের সময় প্রয়োজন।

পুলিশের তথ্য অনুযায়ী, সিলভার রেল এলিমেন্টারি স্কুলে প্রায় ৪৫০ শিক্ষার্থী এবং ৪০ জনের বেশি প্রাপ্তবয়স্ক কর্মী রয়েছেন।

যুক্তরাষ্ট্রের কে-১২ স্কুল শুটিং ডেটাবেসের তথ্য অনুযায়ী, গত বছর দেশটির স্কুলগুলোতে ২৩৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। চলতি বছর এ পর্যন্ত অন্তত ১৪০টি ঘটনার তথ্য নথিভুক্ত হয়েছে, যার মধ্যে ওরেগনের এ ঘটনাও রয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   যুক্তরাষ্ট্র  স্কুল  গুলি  শিশু  নিহত 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: