নড়াইলে মোটরসাইকেল চাপায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলশেখালী গ্রামের গণেশ সরকারের স্ত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে নড়াইল সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনে গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন রং মিস্ত্রীর সহকারী শ্রমিক মুক্তা রানী। তিনি সহকর্মী নির্মল সরদারের মোটরসাইকেলে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন । পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা সড়কে সজোরে ছিটকে পড়েন। মুক্তারানী বিশ্বাস ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন তার সহকর্মী নির্মল সরদার।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুক্তারানী বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিহত মুক্তা রানীর পরিবার আপোস করেছেন। যে কারণে তারা পুলিশে অভিযোগ করতে নারাজ।
সময়ের আলো/জোই