বাগেরহাটের মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সামনের সড়কে মাহিন্দ্র ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে কাকলি বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কর্মস্থল থেকে ছুটির পর বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ৬ থেকে ৭ জন নারী শ্রমিক আহত হয়েছেন।
নিহত কাকলি বেগম মোংলা পৌর শহরের শাহজালাল পাড়া (মনপুরা) এলাকার ভাড়াটিয়া মো. শাহিনের স্ত্রী। তার গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। তিনি মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে অপারেটর পদে কাজ করতেন। তার স্বামীও মোংলা ইপিজেডের একজন পোশাকশ্রমিক।
মোংলা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইপিজেডের শ্রমিকদের নিয়ে একটি মাহিন্দ্র মোংলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মাহিন্দ্রটির সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি উল্টে গেলে যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত হন কাকলি বেগমসহ কয়েকজন নারী শ্রমিক।
পরে রক্তাক্ত অবস্থায় কাকলি বেগমকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অন্য শ্রমিকদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
মোংলা বাসস্ট্যান্ড মাহিন্দ্র-ইজিবাইক সমিতির সভাপতি সাব্বির মাহমুদ মাসুম বলেন, নিহত কাকলি বেগম মোংলা ইপিজেডের জিনলাইট কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করতেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের সিদ্ধান্ত ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই