চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে ফারুক উদ্দিন (৫৯) নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুফতি বাড়ির পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয় জাফতনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া জানান, ফারুক উদ্দিন শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি তিনি চোখেও কম দেখতেন। দুই দিন আগে নিখোঁজ হন। পরে বাড়ির পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়। বিষয়টি ফটিকছড়ি থানা-পুলিশকে জানানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মরদেহ উদ্ধারের পর একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ওয়ারিশদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/এনএন