রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ১৪ মামলার আসামি পিয়ারুল ইসলাম (৩০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে শহরের সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে। তাঁদের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। দুই রাউন্ড গুলি ছুড়ে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ পিয়ারুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক তাঁর ইসিজি করে হৃদ্স্পন্দন পাননি। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ফরিদপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপর স্বজনেরা মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে ফিরিয়ে আনেন।
প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিক বলেন, পিয়ারুলের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার পর ইসিজি করে তাঁর হৃদ্স্পন্দন পাওয়া যায়নি। পরে তাঁকে ফরিদপুরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পিয়ারুলকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। পরে ফরিদপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সুপার আরও বলেন, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে। ঘটনার তদন্তে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে।
সময়ের আলো/এনএন