ফরিদপুরের ভাঙ্গায় পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস (৩৫)। ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পূজার ছুটিতে আর বাড়ি ফেরা হলো না তাঁর।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
সময়ের আলো/এনএন