অনিশ্চিত হয়ে পড়েছে দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমা। নির্মাণের শুরু থেকেই সিনেমাটি নিয়ে বেশ আলোচনা ছিল। সে সময় জানা গিয়েছিল গত বছরের ডিসেম্বরে সিনেমাটির মুক্তি পেতে পারে। পরে জানানো হয় এটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবরে।
শাকিব খান নিজেও এই সময়টিতে সিনেমাটি মুক্তির ব্যাপারটি জানিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, অক্টোবর নয়, ডিসেম্বরে মুক্তি পেতে পারে এটি। কিন্তু সিনেমাটি মুক্তির মাত্র দেড় মাস বাকি থাকলেও এর শুটিং এখনও শেষ হয়নি।
জানা গেছে, শাকিব খান বেশিরভাগ অংশের ডাবিং করে দিলেও বাকি রয়েছে ৯ দিনের কাজ। এই ৯ দিনের শুটিং নিয়েই তৈরি হয়েছে জটিলতা। একাধিক সূত্রমতে, কয়েকবার শুটিংয়ের পরিকল্পনা করেও কাজ শুরু করতে পারেনি সিনেমার পরিচালক সাকিব ফাহাদ ও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন। পরিচালক ও নির্বাহী প্রযোজক একাধিকবার শাকিবের শিডিউল নিলেও গড়িমসিতে শুটিং করতে পারেননি।
এ প্রসঙ্গে শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, গত কয়েক বছরে শাকিব খানের কোনো ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, এরপরও পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে আরামে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।
‘সোলজার’ সিনেমার পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধে আরও অপেশাদার আচরণের অভিযোগ হচ্ছে, সিনেমার শুটিং নতুন করে শুরু করতে না পারার পেছনে অধিকাংশ শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ানদের সম্মানী বকেয়া থাকাও বড় কারণ। এসব অভিযোগের জবাবে সিনেমাটির নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন বলেন, সম্মানীর যে কথা উঠেছে, এটা তো ভুল।
শিল্পী-কলাকুশলীদের সম্মানী তো ছবির শুটিং শেষ হওয়ার আগে পরিশোধের বিষয় নয়। এখনও তো সিনেমার শুটিং-ই শেষ হয়নি। খুব দ্রুতই শুটিং শেষ হবে, আর শেষ হলেই মুক্তির তারিখ জানিয়ে টিজার প্রকাশ করা হবে। আশা করি কিছু দিনের মধ্যেই টিজার আসবে। সেখানে সিনেমাটি কবে মুক্তি পাবে, তারিখ উল্লেখ থাকবে।
এদিকে ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে শাকিব খান এখন আছেন যুক্তরাষ্ট্রে। এ মাসের শেষে তার দেশে ফেরার কথা। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু করবেন ‘বরবাদ’ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের আগামী বছরের ঈদুল ফিতরের সিনেমা।
এরপর ‘প্রিয়তমা’ খ্যাত পরিচালক হিমেল আশরাফের ‘মহব্বত’-এর কাজ শুরু করার কথা রয়েছে। এই দুই সিনেমার শুটিংয়ের ফাঁকে ‘সোলজার’-এর বাকি কাজ শেষ করার মতো সময় পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যার ফলে সিনেমাটি কবে মুক্তি পাবে সেটি নিয়ে ধোঁয়াশা বাড়ছেই।
সময়ের আলো/প্রিন্ট/এসএকে