দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনা, এরপর আইনজীবী হওয়ার যোগ্যতা নিয়ে বিতর্ক। সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস

2026-10-17T06:08:45+00:00
2026-10-17T06:08:45+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
দায়িত্ব গ্রহণের ৫ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:০৮ এএম 
ছবি : সংগৃহীত
প্রথম সংবাদ সম্মেলনেই সমালোচনা, এরপর আইনজীবী হওয়ার যোগ্যতা নিয়ে বিতর্ক। সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়তে হলো কেটি জাকারিয়াকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার পেশাগত যোগ্যতা ও সংবাদ সম্মেলনে পারদর্শিতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত শুক্রবার (১৬ অক্টোবর) তার বিদায়ের খবর নিশ্চিত করেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। খবর রয়টার্সের। 

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি জাকারিয়াকে দায়িত্বটি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বলেছিলাম, আমার মনে হয় তুমি সুখী থাকলেই ভালো থাকবে। এই কাজে তুমি কখনো সুখী হতে পারবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। এ কাজের কিছুই সহজ নয়।’

ট্রাম্প আরও বলেন, তিনি জাকারিয়াকে নিজের অবস্থান নিয়ে ভাবতে এবং প্রয়োজনে দায়িত্বটি ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছিলেন। পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, জাকারিয়া প্রেস সেক্রেটারির পদ থেকে সরে যাচ্ছেন।

ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হয়ে সোমবার (১২ অক্টোবর) দায়িত্ব নেন জাকারিয়া। পরদিন মঙ্গলবার ছিল তার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। প্রায় ১৪ মিনিটের ওই ব্রিফিংয়ে তিনি মাত্র তিনজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন। তার উপস্থাপনা ও প্রশ্নের জবাব দেওয়ার ধরন নিয়ে সমালোচনা শুরু হয়। তবে ট্রাম্প প্রথমে তার সংবাদ সম্মেলনের প্রশংসা করেছিলেন।


আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক

জাকারিয়ার বিদায়ের পেছনে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় তার আইনি যোগ্যতা নিয়ে। ট্রাম্প তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কিন্তু যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজ করার জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে।

পেপারডাইন ইউনিভার্সিটির আইন বিভাগের স্নাতক জাকারিয়া বৃহস্পতিবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় পাস করেননি। উপস্থাপক শন হ্যানিটির প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হননি এবং দ্বিতীয়বারও পরীক্ষা দেননি। যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি থাকলেই আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পাওয়া যায় না; সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। 

এর আগে জাকারিয়া দাবি করেছিলেন, তিনি আইন পেশায় কাজ করেছেন। তার বক্তব্য ও পেশাগত যোগ্যতা নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠার পর বিষয়টি আরও আলোচনায় আসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা দেন, তাকে গণমাধ্যমবিষয়ক দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, আইনি কাজের জন্য নয়।

হোয়াইট হাউসে দ্রুততম বিদায়ের নজির

জাকারিয়ার বিদায় হোয়াইট হাউসের যোগাযোগ বিভাগের শীর্ষ পদে দ্রুত দায়িত্ব পরিবর্তনের ঘটনা হিসেবে আলোচনায় এসেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্ক্যারামুচি মাত্র ১০ দিন দায়িত্ব পালনের পর পদ হারিয়েছিলেন। জাকারিয়ার বিদায় সেই ঘটনার সঙ্গে তুলনা টেনেছে সংবাদমাধ্যম।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দায়িত্ব  চাকরি  ট্রাম্প  প্রেস সেক্রেটারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: