নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত এবং দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুর জেলা শহরের গোপাল জিউর মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান এসআরবি-১৪ ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা।
সাংবাদিক হত্যাকাণ্ডের বিষয়ে অতিরিক্ত ডিআইজি বলেন, নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এসআরবি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।
শেরপুরের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জেলার ১৬৭টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি এসআরবির সদস্যরা টহল কার্যক্রম পরিচালনা করছেন। এসময় জামালপুর এসআরবি-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদসহ এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই