ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে তাকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে হাজির করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ।
শুক্রবার দিল্লির কনট প্লেস এলাকায় নির্ধারিত বিক্ষোভ মিছিলের আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় আটকসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, আজ তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কনট প্লেসে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছে। তবে বিক্ষোভের সুনির্দিষ্ট কারণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে পুলিশের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে, দিল্লির মান্ডি মার্গ থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে ৫ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাসহ ১৪ জনকে আটক করা হয়। অভিযোগ, তারা একটি তালাবদ্ধ গেট টপকে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন। এর আগে, যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালনের অনুমতি বাতিল করা হয়েছিল। পরে সিজেপির জাতীয় সাংগঠনিক দায়িত্বে থাকা শিন্ডেসহ অন্য ১১ জনকে মুক্তি দেওয়া হয়।
সময়ের আলো/মহু