পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ৫৩ ঘণ্টা পর রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশুর ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙা খালের কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনার দিনই একই এলাকার এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, খালের কচুরিপানার মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে ব্যাগটি খুলে তার ভেতরে শিশুটির মরদেহ দেখতে পান তারা। ব্যাগের মুখ বাঁধা ছিল। এর ভেতরে শিশুটির মাথা নিচের দিকে এবং পা দুটি ওপরের দিকে ছিল।
এ ঘটনায় রায়হানের মা মোসা. রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ একই এলাকার নূর আজিম খানের ছেলে আলামিন খান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু রায়হান। ওই সময় তার বাবা মো. রাসেল খান শিশুটির পাশে ঘুমিয়েছিলেন। মা রুমানা বেগম কাজের জন্য বাড়ির বাইরে যান। প্রায় ৩০ মিনিট পর ফিরে এসে শিশুটিকে আর খুঁজে পাননি পরিবারের সদস্যরা।
এরপর থেকে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি চলছিল। নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর শনিবার নাওভাঙা খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটিকে কীভাবে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ। আটক ব্যক্তির সংশ্লিষ্টতা এবং শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই