প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম
ইয়েমেন থেকে মক্কা অভিযান, যেভাবে ধ্বংস হয় আবরাহার হাতি বাহিনী। ছবি : সংগৃহীতইয়েমেনের শাসক আবরাহা বিশাল সৈন্যবাহিনী ও হাতি নিয়ে মক্কা অভিযানে বের হয়েছিলেন। তার লক্ষ্য ছিল পবিত্র কাবাঘর ধ্বংস করা। কিন্তু মক্কার কাছাকাছি পৌঁছেও তার সেই উদ্দেশ্য সফল হয়নি। ইসলামি বর্ণনা অনুযায়ী, মহান আল্লাহর পাঠানো ঝাঁকে ঝাঁকে পাখির আক্রমণে ধ্বংস হয়ে যায় আবরাহার হাতি বাহিনী। ইতিহাসে এ ঘটনা ‘হাতির বছর’ নামে পরিচিত।
প্রায় ষষ্ঠ শতকে ইয়েমেনে আবিসিনীয় (বর্তমান ইথিওপিয়া) শাসন প্রতিষ্ঠিত হয়। একপর্যায়ে আবিসিনীয় সেনাপতি আবরাহা ইয়েমেনের ক্ষমতা দখল করে শাসক হন।
সে সময় আরব অঞ্চলে পবিত্র কাবাঘর ছিল ধর্মীয় ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিবছর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ হজ ও তীর্থযাত্রার উদ্দেশ্যে মক্কায় আসতেন। অন্যদিকে, আবরাহা ইয়েমেনের রাজধানী সানায় একটি জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করেন। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী, তার লক্ষ্য ছিল মানুষকে মক্কার পরিবর্তে সানার ওই ধর্মীয় স্থাপনার প্রতি আকৃষ্ট করা। তবে কাবার গুরুত্বের কারণে তার এই উদ্যোগ সফল হয়নি।
একপর্যায়ে আবরাহা কাবাঘর ধ্বংসের সিদ্ধান্ত নেন। এ উদ্দেশ্যে তিনি বিশাল সৈন্যবাহিনী ও হাতি নিয়ে মক্কার দিকে অভিযান চালান। পথে কয়েকটি আরব গোত্র তাঁর বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হতে পারেনি।
মক্কার কাছাকাছি পৌঁছে আবরাহা কাবাঘরের দিকে হাতি চালানোর চেষ্টা করেন। কিন্তু ইসলামি বর্ণনা অনুযায়ী, হাতিটি মক্কার দিকে এগোতে অস্বীকৃতি জানায়। এ সময় মহান আল্লাহর নির্দেশে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আবরাহার বাহিনীর ওপর ছোট ছোট পাথর নিক্ষেপ করে। এতে বাহিনীটি ধ্বংস হয়ে যায়।
পবিত্র কুরআনের সূরা আল-ফিল-এ এ ঘটনার বিবরণ রয়েছে। ‘ফিল’ শব্দের অর্থ হাতি। ইসলামি ঐতিহ্যে আবরাহার এই অভিযান ও হাতি বাহিনীর ধ্বংসের ঘটনা ‘হাতির বছর’ নামে পরিচিত। প্রচলিত বর্ণনা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মও হয়েছিল ওই বছর।
সময়ের আলো/জেডআই