প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম
ট্যাংকারে হামলার ঘটনার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা। ছবি : সংগৃহীত ট্যাংকারে হামলার ঘটনার পর আবারও হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ এবং বিভিন্ন দেশের জাহাজের চলাচল নিষিদ্ধ। প্রণালিতে ইরানের নিয়ম অমান্য করে চলাচলকারী জাহাজকে আগুনে পুড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।
এর আগে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছিল আইআরজিসি। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল বলে দাবি করা হয়েছে। তবে ঘটনার সুনির্দিষ্ট স্থান ও জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, গতকাল থেকে সৌদি আরবের উপকূলের কাছেও অন্তত দুটি ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সময়ের আলো/জেডি