প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, ২০৩০ সালেই তার বর্তমান মেয়াদ শেষ হবে। একই সঙ্গে দেশটির সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) মিশরীয় সামরিক একাডেমিতে নতুন ক্যাডেটদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন সিসি। তিনি বলেন, ‘আমি বলেছি, মিসরের সংবিধানে হাত দেওয়া হবে না। বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি হয়ে গেছে, এ নিয়ে আর আলোচনা হবে না।’ নিজের ক্ষমতা ছাড়ার প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
৭১ বছর বয়সি সিসি ২০২৩ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার পর ছয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালে গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়। একই সংশোধনী সিসিকে তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়, যার ফলে ২০৩০ সাল পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকার পথ তৈরি হয়।
সাবেক সেনাপ্রধান সিসি ২০১৩ সালে ব্যাপক বিক্ষোভের মুখে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন।
সময়ের আলো/জেডি