প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৩৪ পিএম
বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ছবি : সংগৃহীতম্যাডক ফিল্মসের প্রযোজনায় নতুন একটি ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সিনেমাটির নাম ও অন্যান্য তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
কমেডি, ড্রামা ও অতিপ্রাকৃত গল্পের সিনেমায় অভিনয়ের পর এবার ভৌতিক ঘরানার সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। ম্যাডক ফিল্মসের সঙ্গে কৃতির কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির আটটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এর মধ্যে রয়েছে ‘রাবতা’, ‘লুকা ছুপি’, ‘মিমি’ ও ‘ভেড়িয়া’। ‘মিমি’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান কৃতি। এ ছাড়া প্রতিষ্ঠানটির হরর ইউনিভার্সের সিনেমা ‘স্ত্রী’-তে আইটেম গানেও অংশ নিয়েছেন তিনি। চলতি বছর ‘তেরে ইশক মে’ ও ‘ককটেল ২’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় রয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক আলাপচারিতায় মানুষের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন কৃতি শ্যানন। কৃতি বললেন, ‘কিছু বিষয় মানুষের মৌলিক স্বভাবের অংশ, যা চাইলেই বদলানো কঠিন। আমি এখনও মানুষের মধ্যে ভালো দেখতে চাই। কারও সবচেয়ে খারাপ দিক সামনে এলেও সেটি নিয়ে সন্দেহ করি এবং তার মধ্যে ভালো কিছু খুঁজে দেখার চেষ্টা করি।’
এদিকে কৃতি শ্যানন এবার নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষিত রাখার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার নাম, মুখ, ছবি, কণ্ঠস্বর কিংবা পরিচিতিকে অনুমতি ছাড়া বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি সুরক্ষা চেয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এই মামলার শুনানিতে ব্যক্তিত্বের অধিকারের পরিধি নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত। পাশাপাশি এই অধিকার ঠিক কোন কোন বিষয়কে সুরক্ষা দেয়, তা স্পষ্ট করতে প্রাসঙ্গিক রায় ও আইনি গবেষণাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাটির পরবর্তী শুনানি ২৯ অক্টোবর।
বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের এজলাসে মামলাটির শুনানি হয়। কৃতির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী প্রবীণ আনন্দ। কৃতির আইনজীবীকে এই বিষয়ে প্রাসঙ্গিক বিচার বিভাগীয় রায়, গবেষণাপত্র এবং অন্যান্য আইনি নথির সংকলন জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি এই অধিকার সম্পর্কে তার নিজস্ব আইনি ব্যাখ্যাও আদালতের সামনে তুলে ধরতে বলা হয়।
সময়ের আলো/প্রিন্ট/এমকে