বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ছবি : সংগৃহীতবীমা গ্রহীতার প্রাপ্য বীমাদাবির অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কর্তন কিংবা নতুন পলিসি কিনতে বাধ্য করার প্রবণতা বন্ধে নির্দেশনা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। একই সঙ্গে নির্ধারিত সময়ের পর মেয়াদপূর্তির বীমাদাবি পরিশোধ করলে সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যুর ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ অক্টোবর জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
আইডিআরএর লাইফ অনুবিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, কিছু লাইফ বীমাকারী মেয়াদপূর্তির বীমাদাবি, মৃত্যুদাবি এবং প্রত্যর্পণ সুবিধা (সারভাইভাল বেনিফিট) পরিশোধের ক্ষেত্রে গ্রাহককে একই কোম্পানির নতুন পলিসি কেনার শর্ত দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে পুরোনো পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে রেখে অবশিষ্ট টাকা গ্রাহককে দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, এ ধরনের কার্যক্রমে গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এবং বীমা খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে বীমাদাবির অর্থ পরিশোধে স্বচ্ছতা নিশ্চিত করা এবং গ্রাহকের অধিকার সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বীমাদাবির অর্থ পরিশোধের ক্ষেত্রে প্রাপ্য সম্পূর্ণ অর্থ সংশ্লিষ্ট বীমাগ্রহীতা বা মনোনীত ব্যক্তির ব্যাংক হিসাবে এককালীন স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ব্যতীত অন্য কোনো অর্থ বা ফি কর্তন করা যাবে না। একই সঙ্গে বীমাদাবির অর্থ পাওয়ার শর্ত হিসেবে গ্রাহককে নতুন পলিসি কিনতে বাধ্য করা কিংবা প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম সমন্বয়ের সুযোগ নেই।
দাবি পরিশোধে বিলম্ব হলে নতুন পলিসি ইস্যুতে বিধিনিষেধ
সার্কুলারে মেয়াদপূর্তির বীমাদাবি পরিশোধের সময়ের ভিত্তিতে নতুন পলিসি ইস্যুর ক্ষেত্রে পৃথক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, মেয়াদপূর্তির বীমাদাবির অর্থ আইন অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই বীমাকারী নতুন পলিসি ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
তবে ৯০ দিনের পর থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে, অর্থাৎ ১২০ দিনের মধ্যে দাবি পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিন সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
অন্যদিকে, মেয়াদপূর্তির বীমাদাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পরে পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন সংশ্লিষ্ট গ্রাহকের নামে একই বীমাকারী নতুন কোনো পলিসি ইস্যু করতে পারবে না।
এ নির্দেশনার মাধ্যমে বীমাদাবি পরিশোধে বিলম্বের ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এতে গ্রাহকের পাওনা অর্থ সময়মতো পরিশোধে কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল করার পাশাপাশি নতুন পলিসি বিক্রির সঙ্গে বীমাদাবির অর্থ পরিশোধের অনাকাঙ্ক্ষিত যোগসূত্র বন্ধের লক্ষ্য নেওয়া হয়েছে।
সার্কুলারটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে আইডিআরএ।
সময়ের আলো/প্রিন্ট/এমকে