প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:৪১ পিএম
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীতসম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী পরীমণিকে নিয়ে এআই প্রযুক্তিতে তৈরি একটি আপত্তিকর ভিডিও প্রকাশ পেয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এ ঘটনায় চ্যানেলটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও এতে পরীমণির কোনো উপকার হয়নি বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তার স্বাভাবিক জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিকে দায়ী করেছেন তিনি।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘ডিয়ার, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই। এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনোরকম কোনো পোস্ট করতে পারছি না। হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত। এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে। কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।’
এর আগে চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর সেখানে ওই ভিডিও প্রকাশ করা হয়। একসঙ্গে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার কথা জানানো হয়।
এ বিষয়টিও নিজের পোস্টে উল্লেখ করে পরীমণি প্রশ্ন তোলেন, আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
এর আগেও নিজের ফেসবুক পেজে লাইভে এসেও ওই ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পরীমণি। তিনি জানিয়েছিলেন, ভিডিওটি নতুন নয়, প্রায় এক থেকে দেড় বছর আগে থেকেই অনেকে তাকে এটি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। তবে একটি ভেরিফায়েড গণমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নতুন করে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ হন তিনি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে