ছবি : সংগৃহীত এভারটনের বিপক্ষে ম্যাচে ভয়াবহ সংঘর্ষে মাথায় চোট পেয়েছেন চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। প্রতিপক্ষের ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে মাথায় ধাক্কা লাগার পর প্রায় ১০ মিনিট মাঠেই চিকিৎসা দেওয়া হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষককে। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়ার পর তাকে লিভারপুলের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়।
ম্যাচের একপর্যায়ে বক্সে আসা ক্রস ঠেকাতে গোলপোস্ট ছেড়ে এগিয়ে যান মার্তিনেস। একই সময়ে বলের দিকে ছুটে আসছিলেন ব্রান্থওয়েট। দুজনের মাথায় সজোরে ধাক্কা লাগলে তারা মাঠে পড়ে যান। কিছুক্ষণের মধ্যে উঠে দাঁড়ান ব্রান্থওয়েট। তবে মার্তিনেসকে দীর্ঘ সময় মাঠে চিকিৎসা দিতে হয়।
চেলসির চিকিৎসাকর্মীরা সতর্কতার সঙ্গে মার্তিনেসকে প্রাথমিক চিকিৎসা দেন। একপর্যায়ে মাঠে ডাকা হয় স্ট্রেচার, তাকে অক্সিজেনও দেওয়া হয়। সংঘর্ষের প্রায় ১০ মিনিট পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।
সম্প্রচারমাধ্যম টিএনটি স্পোর্টসের তথ্য অনুযায়ী, মার্তিনেসকে দ্রুত লিভারপুলের একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মাঠ ছাড়ার সময় স্ট্রেচারে শুয়ে তাকে হাত নাড়াতে দেখা যায়। পরে চেলসির কোচ জাবি আলোনসো জানান, জ্ঞান থাকা অবস্থাতেই স্টেডিয়াম ছেড়েছেন এই গোলরক্ষক।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে আলোনসো বলেন, ‘আমি যতটুকু জানি, সে জ্ঞান থাকা অবস্থাতেই স্টেডিয়াম ছেড়েছে। এখন সে হাসপাতালে আছে। সতর্কতামূলকভাবে তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। দেখা যাক, কী হয়। আপাতত এটুকুই জানি।’
মার্তিনেসের পরিবর্তে ম্যাচের ৭৩তম মিনিটে মাঠে নামেন বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্স। চেলসির হয়ে প্রিমিয়ার লিগে এটিই ছিল তার অভিষেক। অন্যদিকে, চিকিৎসাকর্মীদের কনকাশন পরীক্ষা শেষে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি পান ব্রান্থওয়েট।
মার্তিনেসের চোটে উদ্বেগ তৈরি হলেও মাঠের খেলায় দাপট দেখিয়ে ২-০ গোলের জয় তুলে নেয় চেলসি। দলের হয়ে ৪৬ ও ৯০ মিনিটে গোল করেন পেদ্রো নেতো। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে এটি চেলসির প্রথম জয়। একই সঙ্গে প্রিমিয়ার লিগে নয় মাস পর প্রথমবারের মতো গোল হজম না করে ম্যাচ শেষ করেছে দলটি। এর আগে সর্বশেষ ১৭ জানুয়ারি ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে ক্লিন শিট পেয়েছিল চেলসি।
জয়ের পর মার্তিনেসের প্রতি সমর্থন জানিয়ে নেতো বলেন, ‘আমরা খুব খুশি। তবে এমির জন্য খারাপ লাগছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। এই জয় তার জন্য। আমরা খুব আনন্দিত, কিন্তু এই মুহূর্তে আমাদের সব ভাবনা তাকে ঘিরেই।’
নেতো আরও বলেন, ‘এই জয় তার সম্মানে উৎসর্গ করছি। আমাদের একটি ক্লিন শিট দরকার ছিল। ভালো একটি ম্যাচ খেলা দরকার ছিল। এমি এটা প্রাপ্য। মাইক, যে মাঠে নেমেছিল, সেও এটা প্রাপ্য। তাই আমরা খুব খুশি।’
২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী মার্তিনেস গত আগস্টে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে যোগ দেন। এভারটনের বিপক্ষে ম্যাচটি ছিল চেলসির হয়ে তার ষষ্ঠ ম্যাচ।
সময়ের আলো/এসএকে