প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:২৭ এএম
লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। ছবি : সংগৃহীতলিওনেল মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর্জেন্টাইন মহাতারকার প্রয়োজন আর ৬৪টি গোল।
মেসির সামনে ওয়ান-অন-ওয়ানে পড়লে রক্ষা নেই! হোসে মরিনিওর সেই কথাই যেন আবারও সত্যি করে দেখালেন মেসি। আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোও হয়তো এবার বুঝলেন, মেসিকে সামলানো কতটা কঠিন।
তবে মাঠের এই ঝলমলে পারফরম্যান্সের মাঝেও সমর্থকদের মনে উঁকি দিতে পারে একটাই আক্ষেপ—জাতীয় দলের হয়ে আরও কিছুদিন কি খেলতে পারতেন না এই মহাতারকা?
ম্যাচের প্রথমার্ধে দুই দলই লড়াই চালিয়ে গেলেও বিরতির ঠিক আগে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৪৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন জার্মান বেরতেরামে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর যেন অন্য রূপে দেখা দিলেন মেসি। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় মায়ামি। ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে যান মেসি। এরপর বেরতেরামের সঙ্গে দারুণ বোঝাপড়ায় প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৬০ মিনিটে আবারও মেসির জাদু। এবার সামনে জুনিয়র আলোনসো। তার পায়ের কারুকাজে দিশেহারা আলোনসোকে পেছনে ফেলে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা। গোলটি শুধু ম্যাচের ভাগ্যই নির্ধারণ করেনি, আরও একবার মনে করিয়ে দিয়েছে—মেসির সামনে একা দাঁড়ানো কতটা কঠিন।
এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৯৩৬-এ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে দলটি। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট।
সময়ের আলো/জেডআই