প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১২:৫৭ পিএম
নেত্রকোণায় ভোরে মুখোশধারীদের গুলি, কর্মচারি আহত। ছবি : সময়ের আলোনেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে ভোরে মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক দোকানের কর্মচারি আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পৌরসভার মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুজনকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সুজন পাল নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে মাইলোড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসা থেকে বের হন সুজন। এ সময় তিনি বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন পুকুরের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে করে আসা মুখোশধারী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে সুজনকে উদ্ধার করেন। পরে তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজন পালের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই